‘ইইউ পর্যবেক্ষকরা সম্পূর্ণ নিরপেক্ষ, শুধু ভোট পর্যবেক্ষণ করছে’
ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তারা কেবল ভোট পর্যবেক্ষণ করছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর এমন মন্তব্য করেন ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং আশা করছেন, এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য।
ইভার্স বলেন, আমরা দেশব্যাপী পর্যবেক্ষণ করছি। দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে অনেক ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছি। আশা করি, বিকেল পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব, যেখানে দেখানো হবে এই নির্বাচন কিভাবে পরিচালিত হয়েছে।
ইভার্স ইজাবস বলেন, ঢাকার একটি সুন্দর ভোটকেন্দ্রে আছি। বিকেল পর্যন্ত আরও অনেক কেন্দ্র পরিদর্শন করব, যাতে তথ্য সংগ্রহ করে একটি বিশ্বাসযোগ্য ফলাফল তৈরি করা যায়।
তিনি আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের এই মিশনে ২০০-এর বেশি পর্যবেক্ষক দেশের বিভিন্ন স্থানে কাজ করছে এবং তারা নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রকৃতি নিশ্চিত করতে তথ্য সংগ্রহ করছে।
জেপিআই/জেএইচ