ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জাতীয় নির্বাচন

ঢাবির কেন্দ্রগুলোয় ভোটারদের ভিড়, উৎসবমুখর পরিবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:২০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি কেন্দ্রে। সকাল থেকে শুরু হওয়া ভোটে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেন্দ্রের ভেতরে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন, আর বাইরে অপেক্ষা করা অন্যান্য ভোটার এবং দর্শকরা আড্ডা-গল্পে সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনের উত্তেজনা এবং আনন্দ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের ভোটকেন্দ্রগুলো ঘুরে এমন উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। কেন্দ্রগুলোর পরিবেশ ভোটাররা উৎসবের মতো মনে করছেন।

২৫ বছর বয়সী শিক্ষার্থী শারমিন রিমা বলেন, দীর্ঘদিন পর জাতীয় নির্বাচন দেখছি। এখানে সবাই উৎসাহ নিয়ে এসেছে। ভোটের সঙ্গে সঙ্গে সামাজিক মেলামেশাও হচ্ছে। এটা একটি অসাধারণ অভিজ্ঞতা।

ভোটার শহিদুল আলম বলেন, ভোট দেওয়া আমাদের একটি সামাজিক অনুষ্ঠানেও পরিণত হয়েছে। বাইরে অপেক্ষা করা মানুষদের আড্ডা ও ছোট ছোট আলোচনা দেখেও বোঝা যায়, মানুষ ভোট দিতে কতটা আগ্রহী।

কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। প্রশাসনিক তৎপরতা বজায় রাখা হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নির্বাচনী উৎসবের এই পরিবেশে ছাত্র-ছাত্রীরাও কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তারা ভোটের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ আড্ডা ও আলোচনা উপভোগ করছেন।

এফএআর/এমআইএইচ