ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বোরকা পরা নারীদের হেনস্তাসহ রিকশার এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশই বোরকা পরা নারীদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। বিভিন্ন আসনে রিকশা প্রতীকের এজেন্ট বের করে দেওয়া ও উদ্বেগজনক অনিয়ম, ভয়ভীতি ও সহিংস আচরণের একাধিক অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা-১৩ আসনের ৩৩নং ও ৩৪নং ওয়ার্ডে আমাদের বৈধ এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ভোটারদেরকে কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে।

ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদের বাড়ির ভোটকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এসেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নেত্রকোনা-১ (দুর্গাপুর) উপজেলায় প্রশাসনের ভূমিকা অনেকটাই নিশ্চুপ ও রহস্যজনক বলে প্রতীয়মান হচ্ছে। সেনাবাহিনীর উপস্তিতি নেই; অন্যান্য বাহিনীর উপস্তিতিও অপ্রতুল। কেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির ভিতরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি প্রদানের অভিযোগ রয়েছে। ভোর ৩টা থেকে এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা কেন্দ্রের এজেন্ট শাহজাহানকে পিটিয়ে আহত করা হয়েছে এবং তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে — যা মানবাধিকার ও নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গাজীপুর-৩ আসনে গতকাল রাত থেকেই এজেন্টদেরকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। এমনকি একজন এজেন্টের পরিবারকে জিম্মি করে তাকে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। এখনো ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে বলে তথ্য এসেছে।

রাঙামাটি-২৯৯ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রের ভেতরে প্রকাশ্যে ভোটারদেরকে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সিরাজগঞ্জ-এ বেশকিছু কেন্দ্রে বোরকা পরিহিত নারী ভোটারকে পুরুষ এজেন্ট দ্বারা অপদস্ত ও হেনস্তা করার অভিযোগ এসেছে। জোরপূর্বক বোরকা খুলে নিচ্ছে। সারাদেশই বোরকা পরা নারীদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই—বোরকা পরিহিত নারী ভোটারের পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হলে তা অবশ্যই নারী প্রিসাইডিং অফিসার ও নারী এজেন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অন্যথায় তা নারীর মর্যাদা ও ধর্মীয় এবং নাগরিক অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

নরসিংদী-৩ আসনের পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর কেন্দ্রে ধানের শীষের পক্ষে জাল ভোট প্রদানের তথ্য পাওয়া গেছে, যা অবিলম্বে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি রাখে।

আমরা নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছি—উল্লিখিত প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এবং সকল কেন্দ্রে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভীতিমুক্ত ভোটগ্রহণ নিশ্চিত করা হোক। অন্যথায় জনগণের ভোটাধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

আরএএস/এসএইচএস