ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীজুড়ে কড়া পাহারায় চলছে ভোট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে কঠোর নিরাপত্তা নিশ্চিতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গ্রহণ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শুরুর পর থেকে আড়াইটা পর্যন্ত ভোট কেন্দ্র ও বিভিন্ন এলাকা ঘুরে নিরাপত্তার এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রতিটা কেন্দ্র ও কেন্দ্রের আশপাশ এলাকা ঘুরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রগুলোর আশপাশ এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব, বিজিবিসহ অনন্য বাহিনীর সদস্যরা। এছাড়াও ভোট কেন্দ্রের আশেপাশের এলাকার বিভিন্ন মোড়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতেও দেখা যায়।

রাজধানীজুড়ে কড়া পাহারায় চলছে ভোট

প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা- ১৩ উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২জন, নারী ভোটার ১লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর মো. মামুনুল হক।

এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মো. শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর মোঃ খালেকুজ্জামান। হারিকেন প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মুসলিম লীগ-এর শাহরিয়ার ইফতেখার। আপেল প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মো.ন রবিউল ইসলাম।

 

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন রয়েছে।

এছাড়াও সারা দেশের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর।

কেআর/জেএস