ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ভোট দিয়ে উচ্ছ্বসিত নারীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে পুরান ঢাকায় সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ছিল নারীদের সরব উপস্থিতি। সকালে কেউ সন্তানকে সঙ্গে নিয়ে, কেউ স্বামীর হাত ধরে, আবার কেউ প্রতিবেশীদের সঙ্গে দল বেঁধে কেন্দ্রে হাজির হন। ভোট প্রদান শেষে তাদের মুখে ছিল স্বস্তির হাসি; চোখেমুখে স্পষ্ট উচ্ছ্বাস ও নিজের ভোট নিজে দেওয়ার আনন্দ।

‎সকাল থেকে সরেজমিনে ঢাকা-৬ এর একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতিই বেশি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তাঁদের মধ্যে ছিল না কোনো বিরক্তি; বরং ভোট দিতে পারার অভিজ্ঞতাই যেন তাঁদের কাছে বড় প্রাপ্তি।

সূত্রাপুরের ডালপট্টি এলাকার বাসিন্দা তিথি শেখ বলেন, `জীবনের প্রথম ভোট দেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছি। খুব ভালো লাগছে।' গেণ্ডারিয়া থেকে ভোট দিতে আসা আয়েশা আক্তার বলেন, ‘আমরা আগে এতটা গুরুত্ব দিয়ে ভোট দিতে পারতাম না। এখন নিজের সিদ্ধান্ত নিজে দিতে পারছি এটাই সবচেয়ে বড় বিষয়।’

ভোট দিয়ে উচ্ছ্বসিত নারীরা

লক্ষ্মীবাজারের বাসিন্দা লাইলা আক্তার লিপি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে। এতদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

‎পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজিবুল ইসলাম বলেন, সকাল থেকে উপস্থিতি কিছুটা কম ছিল। তবে ধীরে ধীরে বাড়ছে। নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

টিএইচকিউ/জেএস