ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

৪২ দলের কোনো প্রার্থী ভোটে জয়লাভ করতে পারেনি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে একটানা ভোটগ্রহণ হয়। এবারই প্রথম জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনে অংশ নেয়। তবে নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী ৫১ দলের মধ্যে ৪২ দলের কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেননি। মাত্র ৯টি দলের প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছেন।

বিএনপি জোটের নিরঙ্কুশ জয়
বিকেল ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি। এর মধ্যে এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৭ আসন। জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পেয়েছে একটি, গণঅধিকার পরিষদ একটি এবং গণ সংহতি আন্দোলন একটি আসন লাভ করেছে।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দেয় বিএনপি। দলটি ২৯৩ আসনে প্রার্থী দেয় এবং বাকি ৭ আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেয়।

জামায়াত জোটের অবস্থান
নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭ আসন। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৯ আসন। এছাড়া এনসিপি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা) ২টি এবং খেলাফত মজলিস (ঘড়ি) পেয়েছে একটি আসন।

আরও পড়ুন
গুলশান কার্যালয়ের সামনে কেউ দাঁড়িয়ে ফুল হাতে, কেউবা তুলছেন ছবি 
কবে গঠিত হবে নতুন সরকার? 

জামায়াত এবারের নির্বাচনে ২২৪ আসনে প্রার্থী দেয় এবং বাকি আসন জোটের জন্য ছাড়ে।

অন্যদের প্রাপ্তি
এবারের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) পেয়েছে একটি আসন। একটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারের নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থী দেয়, যা বিএনপির পর দ্বিতীয় সর্বোচ্চ।

আওয়ামী লীগ অংশ নেয়নি
কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে দেশের রাজনীতিতে বড় এক পরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো এবারের ভোট।

৪২ দলের ভরাডুবি
নির্বাচনে অংশ নেওয়া ৫১ দলের মধ্যে ৪২ দল কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। অনেক দলই শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দলকেন্দ্রিক মেরুকরণ, জোটভিত্তিক নির্বাচন এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট ও নতুন দলগুলো কাঙ্ক্ষিত ফল পায়নি।

ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র ৯টি রাজনৈতিক দল ও কিছু স্বতন্ত্র সদস্য। বাকি ৪২ দলের জন্য এবারের নির্বাচন হয়ে থাকলো হতাশার অধ্যায়।

ইএআর/কেএসআর