ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আমার আজীবনের স্বপ্ন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা: আসাদুজ্জামান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আমার আজীবনের স্বপ্ন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমি শপথ নিতে যাচ্ছি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ এলাকায় শপথ গ্রহণের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রথম কাজ কী হবে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘সুশাসন নিশ্চিত করা। আমার আজীবনের স্বপ্ন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমি শপথ নিতে যাচ্ছি। সুতরাং ওইটা আমার সব সময়ে ধ্যান-জ্ঞান হয়ে থাকবে।’

চাঁদাবাজের বিরুদ্ধে পদক্ষেপ কী হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দলের নাম নিয়ে চাঁদাবাজি করবেন আর বাইরে ঘুরে বেড়াবেন তা হবে না।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. আসাদুজ্জামান পান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এএসএম মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৮ ভোট। ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২০ ভোট, যা এ আসনের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।

আসাদুজ্জামানসহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ বেলা পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

টিটি/এমএমএআর