মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে তিন স্তরের নিরাপত্তা
পুলিশ, বিজিবিসহ অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিতে দেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী।
মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। নিরাপত্তা বেষ্টনীর বিষয়টি নিশ্চিত করেন দ্বায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে রেড, ইয়েলো ও গ্রিন; তিনটি জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পুরো সংসদ ভবন এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে সংসদভবন এলাকা ঘুরে দেখা গেছে, সংসদ ভবন এলকা জুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ, বিজিবিসহ অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়াও ট্রাফিক সদস্যরা সড়কের যানজট নিরসন করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।
কেআর/এএমএ