বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে তিন নারী
আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ/ফাইল ছবি
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তিন নারী সংসদ সদস্য (এমপি)। তারা হলেন- আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ।
তাদের মধ্যে রিতা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেবেন। অন্যদিকে পুতুল ও শামা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
মানিকগঞ্জে রিতার বড় জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন রিতা।
তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য হারুনার রশিদ খান মুন্নুর উত্তরসূরি। মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এবং ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে দুটি আসনে জয়লাভের পর তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
নাটোরে পুতুলের ইতিহাস
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েন ফারজানা শারমিন পুতুল (৪১)। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি।
বিএনপির হারানো এ আসন দীর্ঘ ১৮ বছর পর পুনরুদ্ধার করেন পুতুল। তিনি বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে। ফজলুর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনের পর আসনটি বিএনপির হাতছাড়া হয় এবং পরবর্তীতেও দলটির কোনো প্রতিনিধি জয়ী হতে পারেননি।
ফরিদপুরে থেকে শামা
বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি শামা ওবায়েদ ফরিদপুর-২ আসন থেকে জয়ী হয়েছেন। তফসিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।
ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে বাবার জনপ্রিয়তার ধারাবাহিকতাকে নিজের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আরও সুসংহত করেন শামা।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় এই তিন নারী সদস্যের অন্তর্ভুক্তি দলটিতে নারী নেতৃত্বের অংশগ্রহণকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেপিআই/একিউএফ