ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পরদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর মন্ত্রিসভার বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন প্রধানমন্ত্রীর প্রথম অফিস করাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকেই ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। নতুন প্রধানমন্ত্রীর জন্য তার কক্ষটি প্রস্তুত করা হচ্ছে। মুছে পরিষ্কার করা হচ্ছে আসবাবপত্র, দেওয়াল ও মেঝে। এ ফ্লোরে থাকা মন্ত্রিসভা বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ কক্ষটিও প্রস্তুত করা হচ্ছে। এ ভবনটি তৈরির পর এ ফ্লোরটি বলতে গেলে অব্যবহৃতই ছিল।

আরও পড়ুন
দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
নতুন মন্ত্রিপরিষদের কাছে সুখ, শান্তি ও স্বস্তি চায় মানুষ
৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১

নিচতলাসহ এ ভবনের বিভিন্ন তলার সৌন্দর্য বর্ধনের জন্য সন্ধ্যা পর্যন্ত পিকআপ এবং ভ্যান গাড়িতে করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের ফুলের টব আনতে দেখা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিএনপি জোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্যরা মিলে ৮টি আসনে জয় পেয়েছে।

২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরদিন বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুরে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন।

সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। কাল দুপুরের পর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। মূলত এটি হবে পরিচিতিমূলক। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

আরএমএম/এমএএইচ/