তারেক রহমানকে মোদীর অভিনন্দন, ভারত সফরের আমন্ত্রণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/ ফাইল ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহুমাত্রিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গতকাল (১৬ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে মোদী বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই। তার দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
চিঠিতে মোদী উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ম্যান্ডেট।
আরও পড়ুন
দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের শান্তি-সমৃদ্ধির আকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের মধ্যে শক্তিশালী সামঞ্জস্য ভবিষ্যৎ সহযোগিতার পথপ্রদর্শক হবে বলেও তিনি উল্লেখ করেন।
সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নরেন্দ্র মোদী।
তিনি বলেন, দ্রুত বিকাশমান দুই অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম।
চিঠিতে মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানসহ সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।
জেপিআই/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
- ২ সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৩ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ
- ৫ মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ