ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

‘আমার কাছে মনে হচ্ছে আজ যেন ঈদের দিন’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:১৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আরে আল্লাহ, সেই খুশির কথা, সেই আনন্দের কথা—আজ মনে হচ্ছে যেন ঈদের দিন। কেমন লাগছে আমার কাছে! এত আনন্দ, এত খুশি—ভাষায় প্রকাশ করতে পারছি না।

বহু বছর পর নিজের পছন্দের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের খুব কাছ থেকে শপথ বাক্য পাঠ করতে দেখে এভাবেই অনুভূতি ব্যক্ত করছিলেন ৭৫ ঊর্ধ্ব প্রবীণ রাজনৈতিক নেত্রী ডা. নুরজাহান মাহবুব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তার চোখে-মুখে আনন্দের আভা স্পষ্ট ছিল। সোফায় বসেই তিনি উঁকি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার চেষ্টা করছিলেন।

আলাপচারিতায় স্মৃতির ঝাঁপি খুলে ডা. নুরজাহান মাহবুব জানান, চার দশক আগে ১৯৭৮ সালে ‘জাগো দল’-এর মাধ্যমে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। সেই সময় থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

তিনি এর আগে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট এবং একক ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ রূপগঞ্জ-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপুর পক্ষে তিনি সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেন। শপথ অনুষ্ঠানে আসার আগেও সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে তার কথা হয়েছে বলে জানান তিনি।

শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করে ডা. নুরজাহান মাহবুব বলেন,

১৭ বছর আমরা কথা বলতে পারিনি, নিজের ভোট নিজে দিতে পারিনি। এবার আমরা নিজের ভোট নিজে দিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আল্লাহর রহমতে আমরা নতুন করে এগিয়ে চলেছি।

প্রবীণ এই নেত্রী আরও জানান, এ বয়সেও তিনি দলের প্রায় সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন।

ইমইউ/এমএসএম