সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বিগত সময়ের অনিয়ম পরিষ্কার করে নবউদ্যমে কাজ শুরু করবো
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন (পুতুল)/ছবি: জাগো নিউজ
বিগত সময়ের অনিয়মগুলো পরিষ্কার করে নবউদ্যমে কাজ শুরু করার প্রত্যয়ের কথা জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন (পুতুল)।
নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফারজানা শারমিন বলেন, ‘বিগত সময়ের মধ্যে যে অনিয়মগুলো হয়েছে সেগুলো ক্লিন করে নবউদ্যমে কাজ শুরু করা হবে। আমরা সকলে মিলে ভবিষ্যতের জন্য ভালো একটি বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশ হবে আমাদের সকলের জন্য। আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো, দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব তীব্র আছে এখন।’
তিনি বলেন, আমরা বেশ কিছু এপ্রোপ্রিয়েট প্ল্যানিং (সুনির্দিষ্ট পরিকল্পনা) নিয়ে এগোচ্ছি। আপনারা (গণমাধ্যম) সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের আসলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের একটা ইমেজ বিল্ডআপ করতে হবে—যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের। যে ল্যাকিংসগুলো আছে, প্রবলেমসগুলো আছে—সেগুলো আইডেন্টিফাই করবো, ওভারকাম করবো ইনশাআল্লাহ। সকলে মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে পারবো, যা আমাদের সবার জন্য বাসযোগ্য হবে।
আরএমএম/এমএমকে