ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সেবা নিতে মন্ত্রণালয়ে আসা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

তিনি বলেছেন, স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে লড়েছেন, তাদের মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি বলেন, তৎকালীন মেজর ও পরবর্তীতে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। মহান মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইস্ট পাকিস্তান রাইফেলস–এর সদস্যরা মুক্তিবাহিনী গঠন করেন, যার ফলে দেশ বীরত্বের সঙ্গে জীবন বাজি রেখে লড়াই করে মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ছিল জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত, যেখানে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল।

তিনি একাত্তরের রণাঙ্গনের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, সেসময় বাঙালি বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েও অসীম সাহসিকতায় স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বিপুলসংখ্যক ছাত্র-যুবক ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন। পাকিস্তানি বাহিনী একটি জাতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল, আর জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখেই তাদের পরাজয় ঘটে।

স্বাধীনতার পর বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি—এমন মন্তব্য করে তিনি সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। বিশেষভাবে তিনি নির্দেশ দেন, কোনো বীর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এলে তাকে সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে।

মন্ত্রী কর্মকর্তাদের সময়ানুবর্তিতা, পেশাগত নিষ্ঠা ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা দেন। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের সেবা করাই সবার প্রধান দায়িত্ব।

এমএএস/ইএ