দুই বিমানবন্দরে ৭৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)/ফাইল ছবি
দেশের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৭৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সংস্থাটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালানো হয়। এসময় এক হাজার ৯৯৪ কার্টন অবৈধ সিগারেট, ২৩৮টি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম, ২০৪ গ্রাম স্বর্ণালংকার ও চারটি আইফোন জব্দ করা হয়। এগুলোর মোট মূল্য ৭৫ লাখ ৪৪ হাজার ৫৪০ টাকা।
আবুধাবি, দুবাই ও থাইল্যান্ড থেকে আগত একাধিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ঘোষণা ছাড়া আনা এসব পণ্য জব্দ করা হয়। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য এগুলো সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সিআইআইডি জানায়, সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যকে সহায়তা করার লক্ষ্যে তারা নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে অভিযান অব্যাহত থাকবে।
এসএম/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না: ধর্মমন্ত্রী
- ২ ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য
- ৩ সার্কের পুনরুজ্জীবনে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত শামা ওবায়েদের
- ৪ ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের চেয়ারম্যানকে অব্যাহতি
- ৫ মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ