ধর্মমন্ত্রী কায়কোবাদ
বায়তুল মোকাররমের দুর্নীতি উচ্ছেদে যা প্রয়োজন তাই করা হবে
সচিবালয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতাদের সৌজন্য সাক্ষাৎ/ছবি: জাগো নিউজ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সব অনিয়ম ও দুর্নীতি উচ্ছেদে যা প্রয়োজন তাই করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ কথা বলেন। তার মতে, দুর্নীতি করা আর দুর্নীতি সহ্য করা একই অপরাধ।
তিনি বলেন, সাংবাদিকদের কাছ থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অতীতে আন্তরিক সহযোগিতা পেয়েছে এবং ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
‘আমাদের কাছে খারাপ নিউজ, ভালো নিউজ বলে আলাদা কোনো শব্দ নেই। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো,’ যোগ করেন মন্ত্রী।
মোফাজ্জল হোসাইন কায়কোবাদ উল্লেখ করেন, তার সম্পর্কে এমন সংবাদও প্রকাশিত হয়েছে যে বিষয়ে তিনি অবগত ছিলেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহকে ভয় করি, সত্য-মিথ্যা আল্লাহই জানেন।’
আলোচনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি উঠে এলে ধর্মমন্ত্রী বলেন, ‘অনিয়ম ও দুর্নীতি উচ্ছেদে যা প্রয়োজন তাই করা হবে ইনশাআল্লাহ।’
সৌজন্য সাক্ষাতে আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক আকতার হাবিব, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য শামসুল ইসলাম, উবায়দুল্লাহ বাদল, মহসিনুল করিম, আহমেদ জামাল, কামরুজ্জামান বাবলু প্রমুখ।
এমইউ/একিউএফ