২৪ ঘণ্টা কাজ করতে সক্ষমদেরই দায়িত্বে রাখা হবে
মো. আলী হোসেন ফকির
মো. আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এদিন দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান র্যাংক ব্যাজ পরিয়ে দেন আলী হোসেন ফকিরকে।
আলী হোসেন ফকির ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএনে কর্মরত ছিলেন। এছাড়া কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পর জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কাজের অগ্রাধিকার, চ্যালেঞ্জ, মব জাস্টিস, সন্ত্রাস ও মাদক নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন ঢাকার যানজট নিরসনে চেষ্টার কথাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত আইজিপির সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়।
জাগো নিউজ: নতুন আইজিপি হিসেবে আপনার প্রতিক্রিয়া কী?
আইজিপি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যাতে কেউ রাস্তাঘাট বন্ধ করে মিছিল-মিটিং বা সমাবেশের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে। এক্ষেত্রে আমি সব রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা চাই। পাশাপাশি জনগণেরও সহযোগিতা প্রয়োজন।

জাগো নিউজ: মব জাস্টিস নিয়ে আপনার মন্তব্য কী?
আইজিপি: মব জাস্টিস অত্যন্ত ক্ষতিকর। আইন নিজের হাতে তুলে নিলে পরিস্থিতি আরও জটিল হয় এবং সামাজিক অস্থিরতা তৈরি হয়। এ বিষয়ে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংবাদিকরা যদি এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন, তাহলে জনসচেতনতা বাড়বে।
জাগো নিউজ: আইনশৃঙ্খলা অবনতির পেছনে কারণ কী?
আইজিপি: যে কোনো রাজনৈতিক দল ডাক দিলে রাস্তায় লোকের অভাব হয় না। কারণ দেশে বেকারের সংখ্যা অনেক। বেকারত্ব বেশি থাকলে আইনশৃঙ্খলার অবনতির ঝুঁকিও বাড়ে। সরকার শিল্প ও অর্থনীতি চাঙা করার মাধ্যমে বেকার সমস্যা সমাধানের চেষ্টা করছে। নির্বাচনি ইশতেহারেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার।
জাগো নিউজ: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে আপনার ভূমিকা কী হবে?
আইজিপি: পুলিশ ইতোমধ্যে মাদক ও সন্ত্রাস দমনে কাজ করছে। আমরা এ কার্যক্রম আরও বেগবান করবো। যারা প্রকৃতপক্ষে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম, তাদেরই কাজে লাগানো হবে।
জাগো নিউজ: ঢাকার যানজট নিরসনে পুলিশের পরিকল্পনা কী?
আইজিপি: ঢাকার যানজট একটি বড় সমস্যা। আমি দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। তবে এ ক্ষেত্রে দুই সিটি করপোরেশন ও রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা প্রয়োজন।
টিটি/এএসএ
সর্বশেষ - জাতীয়
- ১ ১৯ মার্চ রাত থেকে ঈদের দিন পর্যন্ত মালবাহী ট্রেন চলাচল বন্ধ
- ২ সংবিধান সংস্কার সভার শপথ না নেওয়া জনরায়ের প্রতি অশ্রদ্ধা: বদিউল আলম
- ৩ মুড়ি পরিবহনের আড়ালে গাঁজা ও ইয়াবা পাচারের চেষ্টা, হাতেনাতে ধরা যুবক
- ৪ দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের অনুরোধ জানিয়ে সড়ক মন্ত্রীর চিঠি
- ৫ পিলখানার ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব