ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সব ভূমি অফিসে নামজারি-খতিয়ানের ফি টাঙিয়ে রাখতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

নামজারি, খতিয়ান ফি ও মৌজা ম্যাপের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে ভূমি অফিসে দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের মাধ্যমে টাঙানোর জন্য বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এসব ভূমি সেবা ফি দেশের সব উপজেলা, সার্কেল ভূমি অফিস, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে টাঙানোর জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এতে বলা হয়, ৪ ফুট × ২.৫ ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা প্রদর্শন করতে হবে। নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত ও ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নামজারি ফি
নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি এক হাজার টাকা, প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। সর্বমোট ফি এক হাজার ১৭০ টাকা।

খতিয়ানের ফি
সার্টিফাইড কপি বা অনলাইন কপি ১২০ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে।

মৌজা ম্যাপের ফি
মৌজা ম্যাপের প্রতি সিটের জন্য ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল পরিশোধ করতে হবে।

নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করা যাবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সব নাগরিককে অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ জানানো যাবে।

আরএমএম/এমআইএইচএস