যাত্রীবেশে চালকের খাবারে ওষুধ মিশিয়ে অটোরিকশা ছিনতাই
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- নুর হোসেন (৩৬) ও নিজাম (৩৫)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
ধানমন্ডি থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, ১৮ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর থেকে এক যাত্রীকে নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওয়ানা হন অটোরিকশাচালক রাজু (২৪)। ধানমন্ডিতে পৌঁছানোর পর যাত্রী চালককে লাবাং খাওয়ার জন্য (চেতনানাশক মিশ্রিত খাবার/পানীয়) অনুরোধ করেন। সরল বিশ্বাসে চালক তা খাওয়ার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ছদ্মবেশী যাত্রী (চোর) অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
তিনি বলেন, মামলার পর ধানমন্ডি থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থানার মনেশ্বর রোড এলাকার একটি গ্যারেজে অভিযান পরিচালনা করে নুর হোসেন ও নিজামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রীর ছদ্মবেশে রিকশায় উঠে সুকৌশলে চালককে চেতনানাশক ওষুধ মিশ্রিত পানীয় বা খাবার খাইয়ে অচেতন করে রিকশা চুরি করে পালিয়ে যায়। এছাড়া বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়েও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে।
এই চোর চক্রের সদস্যদের গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
- ২ ডগ স্কোয়াড নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান
- ৩ কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
- ৪ সম্পর্কের জটিলতায় ফোন করে ডেকে হাজারীবাগে কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা
- ৫ প্রধানমন্ত্রীর পদক্ষেপে সেই অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪