ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে আকাশ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার  

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১২:২০ পিএম, ০১ মার্চ ২০২৬

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে আকাশ দাস (২৬) হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম মো. মহসিন (২০)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের হালিশহর থানার বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক কারখানার সামনে আকাশ দাসকে (২৬) ছুরিকাঘাত করে একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‍্যাব জানায়, আকাশ ওই কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। ঘটনার সময় সন্ত্রাসীরা কারখানার আরেক কর্মচারীকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করতে এগিয়ে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন হত্যার উদ্দেশ্যে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন
চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ঘটনার পরদিন নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে নজরদারি শুরু করে র‍্যাব। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মহসিনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেফতার মহসিনকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৩ রংপুরের যৌথ অভিযানে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে নাজমুল হুদা (১৯) নামের এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রামের সদর উপজেলার পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

এমআরএএইচ/এমএমকে