ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

যান্ত্রিক নগরে টগবগে অশ্বপদচারণা

মনিরুজ্জামান উজ্জ্বল | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০২ মার্চ ২০২৬

সোমবার, দুপুর দেড়টা। রাজধানীর হাইকোর্ট মোড় থেকে মৎস্য ভবনগামী সড়কে তখন স্বাভাবিক গতিতেই চলছিল যানবাহন। মৎস্য ভবন চৌরাস্তায় কয়েকটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে। সবুজ বাতি জ্বলে উঠতেই চালকরা কাকরাইলমুখী যাত্রার প্রস্তুতি নিলেন। ঠিক তখনই ট্রাফিক পুলিশ হাত তুলে থামার নির্দেশ দিলেন।

পেছন থেকে অপেক্ষমাণ এক বাসযাত্রীর কণ্ঠ ভেসে এলো—‘কিরে, সিগন্যাল নষ্ট নাকি ট্রাফিক পুলিশরে রোজায় ধরছে!’

কৌতূহল বাড়তেই সামনে দৃশ্যটি স্পষ্ট হলো।

সারিবদ্ধভাবে টগবগ শব্দ তুলে রাস্তা পার হচ্ছে বিশালদেহী কয়েকটি ঘোড়া। মুহূর্তেই থমকে দাঁড়াল চারদিক। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা—সব যানবাহনের চালক ও যাত্রীদের দৃষ্টি এক জায়গায়। পথচারীরাও দাঁড়িয়ে পড়লেন। কারণ এ ঘোড়াগুলো আর দশটা ঘোড়ার মতো নয়।

jagonews24

রাজকীয় ভঙ্গিতে হেলেদুলে চলা একেকটি ঘোড়া উচ্চতায় ও সাজসজ্জায় সহজেই নজর কাড়ে। ঘোড়ার গায়ে মেরুন ও হলুদ রঙের বিশেষ পোশাক, তাতে ডিএমপির মনোগ্রাম। চার পায়ে হলুদ, সাদা, লাল ও সবুজ রঙের কাপড় মোড়ানো। আরোহী পুলিশ সদস্যদের গায়ে ইউনিফর্ম, মাথায় খাকি টুপি—দৃশ্যটি যেন রাজধানীর ব্যস্ত রাজপথে এক টুকরো আনুষ্ঠানিক কুচকাওয়াজ।

ঘোড়ার কপালে ও পোশাকে থাকা চিহ্ন দেখেই বোঝা গেল—এগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী ইউনিটের সদস্য। চলার পথে এক পুলিশ সদস্য সংক্ষিপ্তভাবে জানান, প্রশিক্ষিত এ ঘোড়াগুলো মেট্রোপলিটন পুলিশের অশ্বারোহী ইউনিটের অংশ। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।

খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশি কাজে ব্যবহারের উপযোগী এসব প্রশিক্ষিত ঘোড়া ভারতের রাজস্থান থেকে আমদানি করা হয়েছে। এগুলোর উচ্চতা সাধারণত ১৫ থেকে ১৬.২ হ্যান্ড—অর্থাৎ কাঁধ পর্যন্ত প্রায় ৫ ফুট থেকে ৫ ফুট ৬ ইঞ্চি (১৫২–১৬৮ সেমি)।

jagonews24

জানা গেছে, ঘোড়ার উচ্চতা মাপা হয় কাঁধের সর্বোচ্চ অংশ পর্যন্ত, মাথা পর্যন্ত নয়। এই উচ্চতা ও শক্ত গঠন ভিড় নিয়ন্ত্রণ ও টহল কার্যক্রমে বিশেষ সুবিধা দেয়। জনসমাগমের মধ্যে উচ্চদেহী ঘোড়া স্বাভাবিকভাবেই দৃশ্যমান উপস্থিতি তৈরি করে, ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

একটি পূর্ণবয়স্ক প্রশিক্ষিত ঘোড়ার ওজন সাধারণত ৪০০ থেকে ৫০০ কেজির মধ্যে। দীর্ঘ সময় টহল বা আনুষ্ঠানিক দায়িত্ব পালনের সক্ষমতা নিশ্চিত করতে নিয়মিত পশুচিকিৎসা, নির্দিষ্ট খাদ্যতালিকা ও দৈনিক অনুশীলনের ব্যবস্থা থাকে।

ডিএমপির অশ্বারোহী ইউনিট রাজধানীর কূটনৈতিক জোন, জাতীয় দিবসের কুচকাওয়াজ, বড় জনসমাবেশ ও ভিআইপি নিরাপত্তা কার্যক্রমে দায়িত্ব পালন করে। বিশেষ দিবসে বা উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় এ ইউনিটের উপস্থিতি বাড়ানো হয়।

jagonews24

রাজপথে এ দিনের সংক্ষিপ্ত উপস্থিতি হয়ত ছিল নিয়মিত টহল বা অনুশীলনের অংশ। তবে ব্যস্ত নগরীর যান্ত্রিক ছন্দের মধ্যে হঠাৎ এমন রাজকীয় পদচারণা নাগরিকদের জন্য হয়ে উঠেছিল ব্যতিক্রমী এক মুহূর্ত—যেখানে আধুনিক শহরের কোলাহলের মধ্যেও ইতিহাসের আবহ যেন ফিরে আসে।

রাজধানীর রাজপথে তাই কিছু সময়ের জন্য সিগন্যাল থেমেছিল, যানবাহন থেমেছিল—কিন্তু মানুষের চোখ ছিল একদৃষ্টে সেই টগবগে অশ্বপদচারণার দিকে।

এমইউ/এমআইএইচএস/