ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হোলির রঙে মাতোয়ারা পুরান ঢাকার শাঁখারী বাজার  

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৩ মার্চ ২০২৬

রাজধানীর ঐতিহ্যবাহী এলাকা পুরান ঢাকার শাঁখারী বাজার আজ রঙের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে হোলি উৎসবে। সকাল থেকেই ঢাক-ঢোল, আবির-গুলাল আর আনন্দমুখর সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে সরু গলির এই পুরনো জনপদ। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সব বয়সী মানুষ অংশ নেন রঙের এই মিলনমেলায়।

ঐতিহাসিকভাবে ঢাকার পুরান অংশে অবস্থিত শাঁখারী বাজার হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রাচীন আবাসস্থল হিসেবে পরিচিত। শত বছরের ঐতিহ্য বহনকারী এই এলাকায় হোলি উৎসব প্রতিবছরই বর্ণিল আয়োজনে পালিত হয়, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

স্থানীয়রা বলছেন, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করা হয়েছে উৎসবটি। বিভিন্ন বাড়ির ছাদ ও বারান্দা থেকে রঙ ছিটিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বাসিন্দারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শাঁখারী বাজার প্রধান সড়কে রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ এসে এই উৎসবে অংশ নেন।

jagonews24

মঙ্গলবার (৩ মার্চ) সরেজমিনে বিকেল সাড়ে তিনটার দিকে দেখা যায়, শাঁখারী বাজারের প্রধান সড়ক রঙিন আবিরে ছেয়ে গেছে। বন্ধুবান্ধব ও পরিবারের স্বজনরা একে অপরকে আবির লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। অনেকেই এলাকার মন্দিরগুলোতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। উচ্চস্বরে বাজতে থাকা গানের তালে তরুণ-তরুণী ও শিশু-কিশোররা নাচে-গানে মেতে ওঠে, পুরো এলাকায় তৈরি হয় এক আনন্দঘন উৎসবের পরিবেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৃষা সাহা জাগো নিউজকে বলেন, শাঁখারী বাজারের হোলি মানেই আলাদা এক অনুভূতি। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এই উৎসব। সবাই মিলেমিশে আনন্দ করি, কোনো ভেদাভেদ থাকে না।

স্থানীয় তরুণ অর্ণব চক্রবর্তী বলেন, এটা শুধু ধর্মীয় উৎসব নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মুসলিম প্রতিবেশীরাও আমাদের সঙ্গে এসে শুভেচ্ছা বিনিময় করেন।

সূত্রাপুরের বাসিন্দা পূর্ণিমা রায় স্বামী-সন্তানদের সঙ্গে এসেছেন। তিনি জাগো নিউজকে বলেন, আমরা সকালে পূজা শেষে রঙ খেলা শুরু করি। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, যেন কোনো বিশৃঙ্খলা না হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ দাস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শাঁখারী বাজারের হোলির ছবি দেখে অনেকেই আসেন। তবে আমরা চেষ্টা করি ঐতিহ্য বজায় রেখে উৎসব উদযাপন করতে।

jagonews24

বিশ্ববিদ্যালয়টির আরেক শিক্ষার্থী রিয়া সাহা বলেন, রঙের উৎসব আমাদের কাছে ভালোবাসা আর বন্ধুত্বের বার্তা নিয়ে আসে। সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই প্রকৃত সুখ।

উৎসব উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমিত শাহ বলেন, হোলি আমাদের বহু পুরোনো ঐতিহ্যের অংশ। আমরা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করেছি। শাঁখারী বাজারের হোলি শুধু ঢাকার নয়, সারাদেশের মানুষের কাছে পরিচিত। নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করতে সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমডিএএ/এমকেআর