ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

উপদেষ্টা হুমায়ুন কবির

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিষয়ে দূতাবাসগুলো থেকে ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, মিডল ইস্টে (মধ্যপ্রাচ্য) কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিষয়ে দূতাবাসগুলোর সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে ভিসার মেয়াদ এক্সটেনশনের আশ্বাস পেয়েছি। সব দিকেই আমাদের আন্তরিকতা ও চেষ্টার কোনো কমতি নেই। 

হুমায়ুন কবির বলেন, এই সরকার জনগণের সরকার। তাই বাংলাদেশের নাগরিকরাই সরকারের দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছেন। যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার একটা শক্ত ভিত্তির ওপর রয়েছে। সরকারের অবশ্যই প্রস্তুতি আছে। যে কোনো ধরনের ক্রাইসিসে (সংকট) আমাদের দেশের সবকিছু যেন একটা সাস্টেইনেবল ওয়েতে নরমাল থাকে, এ জন্য যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি।

জ্বালানি খাত বৈচিত্র্যকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। 

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতারসহ যুদ্ধ-প্রভাবিত অঞ্চলে থাকা আমাদের নাগরিকদের সঙ্গে এবং সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে ইভাকুয়েশনের (বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা) প্রস্তুতিও রয়েছে। অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা হয়েছে, যাতে প্রয়োজন হলে সহযোগিতা পাওয়া যায়।

আরএমএম/এমএমকে