মুগদায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদা থানার মান্ডা গ্রীন মডেল টাউনের একটি ফ্ল্যাট থেকে এরশাদ আলী খান (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এরশাদ আলীর গ্রামের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার ভর মাধাইমুড়ি গ্রামে। তিনি মো. রইস উদ্দিন খানের ছেলে। বর্তমানে তিনি মুগদা থানার মান্ডা গ্রীন মডেল টাউনের ৮ নম্বর রোডের এ-ব্লকের ফ্ল্যাট ৪-বি (এ-২) বাসায় বসবাস করতেন।
শনিবার (৭ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন বলেন, শুক্রবার (৬ মার্চ) দিনগত রাত প্রায় ১২টার দিকে মান্ডা গ্রীন মডেল টাউনের একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এরশাদ আলী খানের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, নিহতের দ্বিতীয় স্ত্রী মুক্তা আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জেরে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
কাজী আল-আমিন/এমএএইচ/এমএস