ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ফুটপাত দখলমুক্ত করার অভিযানে পুলিশকে হুমকি, ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৬

যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার ঘটনায় দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. তুহিন (২৪) ও মো. আরিফ (৩০)।

রোববার (৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মাওয়া ইনকামিং রোড ও শহীদ ফারুক সরণিতে ফুটপাত দখলমুক্তের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. তুহিন ও আরিফ কর্তব্যরত পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ও বিভিন্ন ধরনের হুমকি দেন। তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশ তাদের আটক করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের উপস্থাপন করা হলে আদালত উভয়কে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

ফুটপাত হকারমুক্ত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেআর/এএমএ