মধ্যপ্রাচ্যে যুদ্ধ
শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল
আরও পাঁচটি ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ/ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাত ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমনী (এরাইভাল) ও একটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার একটি আগমনী ও একটি বহির্গামী ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী একটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে রোববার বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ছয়টি আগমনী ফ্লাইট এবং পাঁচটি বহির্গামী ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার পর্যন্ত এই বিমানবন্দরে মোট ৮৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর উত্তাপ ছড়িয়ে পড়ে উপসাগরীয় দেশগুলোতেও। এরপর একে একে বিভিন্ন রুটের ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়।
এমআরএএইচ/এমকেআর