ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া দুই আইফোন উদ্ধার, গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২১ এএম, ০৯ মার্চ ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন- শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া ফোন দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেনের ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়েছে।

jagonews24

এর আগে গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. মোতাহার হোসেন। এ সময় একদল ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর শুরু করে। তারা তার কাছ থেকে দুটি আইফোন, নগদ ১৫ হাজার টাকা ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে আঘাত করে। এতে তিনি ঘাড় ও চোখে মারাত্মক জখম হন। বর্তমানে ওই দুদক কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

টিটি/এমকেআর