ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হাদি হত্যা

গ্রেফতারদের সঙ্গে কথা বলতে কনস্যুলার অ্যাকসেস চাইলো ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৯ মার্চ ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগীর সঙ্গে সাক্ষাতের আবেদন (কনস্যুলার অ্যাক্সেস) করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে রোববার (৮ মার্চ) দুই ব্যক্তিকে আটক করেছে কলকাতার পুলিশ। তাদের সম্ভবত ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এরই মধ্যে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন যোগাযোগ করেছে এবং কনস্যুলার অ্যাক্সেসের জন্য ভারতের কাছে আবেদন করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, তা এখনো যথেষ্ট নয়। সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভারতের কাছ থেকে তথ্য পাওয়া মাত্রই আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। অবশ্যই ভারতের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে। যদি আসামিরা শনাক্ত হয়, হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আমরা সবাই চাই।’

হত্যাকারীদের কত দ্রুত ফি‌রিয়ে আনা যেতে পারে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সেটা আমরা এখনো কিছু বলতে পারছি না। এটা অন্য একটা দেশের আদালতের ব্যাপার। মাত্র এ ঘটনা ঘটেছে। আমরা কূটনীতিক মাধ্যমে চেষ্টা করছি কনস্যুলার অ্যাক্সেস পেতে। আমাদের নিয়ম মানতে হবে এবং সেটাই আমরা করছি।

তি‌নি বলেন, আমাদের অপেক্ষা করতে হবে। তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা আশা কর‌ছি যে, ভারত আমাদের সে ব্যাপারে সহযো‌গিতা করবে। কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর প‌রিচয় শনাক্ত করতে পারলে এবং সত্যতা যাচাই করলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো।

ভারত সরকারের সঙ্গে এ নিয়ে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, কলকাতা উপ-হাইকমিশন থেকে যোগাযোগ করেছে, সেভাবে যোগাযোগ হচ্ছে। কলকাতার পক্ষ এখনো থেকে কোনো উত্তর পাইনি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে কোনো যোগাযোগ করেছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা চলমান প্রক্রিয়া। চলমান আছে। আমাদের সরকার মাত্র এসেছে। অবশ্যই আমরা গত ১৭ বছরে বিশেষ করে, জুলাইয়ে শিশুদের হত্যা করেছে শেখ হাসিনাও সবার বিচার আমরা চাই। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বিএনপি সরকার সচেষ্ট আছে, এটা চলমান থাকবে।

ভারত থেকে জ্বালানি আনার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে অনেক ইস্যু আছে, আমরা ডিজেল চাচ্ছি, পানি চাচ্ছি, সীমানায় হত্যা বন্ধ চাচ্ছি। ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়।

জেপিআই/এমএএইচ/