জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন
পেট্রোলিয়াম পণ্যের মজুত, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি তদারকি করবে সেল/ফাইল ছবি
বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং এবং কন্ট্রোল সেল গঠন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও অধীনস্থ কোম্পানিগুলোর সমন্বয়ে এ সেল গঠন করা হয়। বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক স্মারকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়, সেলের মেয়াদ চলতি (মার্চ) মাস থেকে আগামী মে পর্যন্ত। আজ শুরু হওয়া এর কার্যক্রম প্রতিদিন চালু থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটির দিনেও চলবে। অফিস সময়ের পর মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত থাকবে।
সেলের দায়িত্ব সম্পর্কে জানানো হয়, আঞ্চলিক সেলগুলো প্রতিদিন নিয়মিতভাবে সে অঞ্চলের ডিপোগুলোর পেট্রোলিয়াম পণ্যের মজুত, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতিসহ অঞ্চলে বিদ্যমান ডিজেলের খুচরা বাজার পরিস্থিতি কেন্দ্রীয় সেলে পাঠাবে। আঞ্চলিক সেলগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সেলের প্রস্তুত করা পেট্রোলিয়াম পণ্যের মজুত প্রতিবেদন নিয়মিতভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছে পাঠানো হবে।
এদিকে, স্মারকে দেশের সব তেল ডিপো থেকে নির্বিঘ্নে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে এবং প্রত্যন্ত অঞ্চলে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতকরণে নিয়োজিত বিপণন কোম্পানির কর্মকর্তাদের সার্বিক সহায়তার জন্য স্থানীয় প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
স্মারকে আরও বলা হয়, কৃষিসেচ মৌসুম চলাকালে ডিলার ও এজেন্টের অনুকূলে ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেলের পরিমাণ ও বিক্রয় সংক্রান্ত তথ্য বা প্রতিবেদন আঞ্চলিক সেল থেকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ইমেইল বা ফ্যাক্সযোগে অবহিত করা হবে।
কন্ট্রোল সেলের ঠিকানা ও মোবাইল নম্বর দেখতে ক্লিক করুন।
এনএস/একিউএফ