শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে ইউএস-বাংলা
ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট/ফাইল ছবি
আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে ফের ফ্লাইট পরিচালনা শুরু করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংক্রান্ত জটিলতায় অনিশ্চিত সময় পার করছে। আসন্ন ঈদুল ফিতরে দেশে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছেন অনেক প্রবাসী।
তাদের অনিশ্চয়তা কাটাতে আগামী ১৩ এপ্রিল থেকে সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।
ইউএস-বাংলা ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে। চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে। শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে।
এমএমএ/এমকেআর