দলের মন্ত্রী-এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান
বুধবার বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় বক্তব্য দেন তারেক রহমান/ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে–বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শ দেন।
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জাগো নিউজকে জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও তিনি (তারেক রহমান) সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন—এ বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।
এদিন বেলা সোয়া ১১টায় সভা শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরপর বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদীয় দলের প্রথম সভায় ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।
প্রধানমন্ত্রী সভায় দলের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন।
নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।
তিনি দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে এবং ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবাইকে সতর্ক করেন।
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও সরকার বাস্তবায়নযোগ্য উদ্যোগ নেবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন, বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে, সরকার ততটুকুই বাস্তবায়ন করবে।
সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিসে উপস্থিত থাকার ওপর জোর দেওয়া হয়। অফিসে যাওয়া-আসার ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি নিজেও ট্রাফিক আইন মেনে চলেন, যা সভায় উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রী দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি—বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে—এ প্রসঙ্গেও দলের মন্ত্রী-এমপিদের সতর্কবার্তা দেন।
সভায় জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করা হয়। আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সূত্রে জানা গেছে, সংসদ অধিবেশন শুরুর পর দুদিন বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ সংসদ পুনরায় বসবে। ঈদুল ফিতরের পর ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে।
কেএইচ/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ উন্নয়ন অগ্রযাত্রায় তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি
- ২ স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, ঠিক করবেন তারেক রহমান
- ৩ বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই নিয়ে আলোচনা
- ৪ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ৫ রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার দিলো জাপান