সিএনজি অটোরিকশায় সংসদে গেলেন আখতার হোসেন
রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন/ফাইল ছবি
প্রথম অধিবেশনে যোগ দিতে সিএনজিচালিত অটোরিকশায় করে সংসদ ভবনে আসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশন শুরুর আগে বাংলামোটর থেকে সিএনজিতে করে তিনি সংসদে যান। চালকের সঙ্গে তার ভাড়ার চুক্তি ছিল ১৮০ টাকা, তবে তিনি চালককে ৩০০ টাকা দেন।
তাকে সংসদ ভবনে নিয়ে যাওয়া সিএনজিচালক নিজেই বিষয়টি জানিয়েছেন।
ওই সিএনজিচালক বলেন, ‘বাংলামোটর এলাকায় তাকে বলা হয়েছিল একজন এমপি যাবেন।’ তবে শুরুতে তিনি কোন সংসদ সদস্য যাবেন তা জানতেন না। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় পাঁচ মিনিট পর এমপি আখতার হোসেন এসে সিএনজিতে ওঠেন।
তিনি জানান, বাংলামোটর থেকে সংসদ ভবন পর্যন্ত ভাড়া ১৮০ টাকায় ঠিক হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছে সংসদ সদস্য আখতার হোসেন তাকে ৩০০ টাকা দেন। এতে তিনি খুশি হয়েছেন বলেও জানান।
সিএনজিচালক আরও বলেন, ‘আমি আগে জানতাম না উনি এমপি আখতার হোসেন। পরে শুনলাম সংসদ ভবনে নিয়ে যেতে হবে। উনি ভাড়া বেশি দিয়েছেন, এতে আমার ভালো লাগছে।’

কোনো ছবি তুলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি ছবি তুলতে পারিনি। আমার কাছে টাচ ফোন নেই।’
তিনি জানান, সংসদ ভবনে যাওয়ার পথে এমপি আখতার হোসেন তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। চালকের আয়-রোজগার, গাড়ি চালানো, সংসারের অবস্থা— এসব বিষয়ে খোঁজখবর নেন।
এই সিএনজিচালিত অটোরিকশা চালক বলেন, ‘রাস্তা দিয়ে আসার সময় এমপি সাহেব আমার লগে কথা বলছে। গাড়ি কেমন চলে, আয় কেমন করি এসব জিগাইছে। সংসারের কথাও জিগাইছে। আমি বলছি কোনোমতে চলতেছি। এখন গাড়ি বেশি হলেও তবুও চলছে।’
এদিকে সংসদ ভবনে প্রবেশের সময় আখতার হোসেনকে বহনকারী সিএনজিটি প্রথমে কিছুটা বাধার মুখে পড়ে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভেতরে প্রবেশের অনুমতি দেন। এরপর চালক এমপি আখতার হোসেনকে সংসদ ভবনের ভেতরে পৌঁছে দেন।
ইএআর/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত তেল সরবরাহ চান মালিকরা, নৌমন্ত্রীকে চিঠি
- ২ খালেদা জিয়াকে নিয়ে যে কবিতা আবৃত্তি করলেন মির্জা ফখরুল
- ৩ ৫৪ বছরের বাংলাদেশে ৪৩ বছর দাপটের সঙ্গে রাজনীতি করেছেন খালেদা জিয়া
- ৪ ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখতে দেশবাসী মুখিয়ে আছে: স্পিকার
- ৫ সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী