মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু
প্রতি শনিবার বিশেষ মশক নিধন অভিযান পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে/ছবি: সংগৃহীত
শহরে ক্রমবর্ধমান মশা নিয়ন্ত্রণ ও আসন্ন বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণের অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) থেকে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক এ অভিযান ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এবং কীটতত্ত্ববিদ ও ডিএনসিসির ঊর্ধ্বতন কীটনিয়ন্ত্রণ কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত হবে।
শুক্রবার (১৩ মার্চ) উত্তর সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের আওতায় এডিস মশার সম্ভাব্য জন্মস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার, র্যালি আয়োজন, লিফলেট বিতরণ, সচেতনতামূলক বার্তা প্রচার এবং গণযোগাযোগ কার্যক্রম পরিচালনা করা হবে।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘প্রতি শনিবার বিশেষ মশক নিধন অভিযান পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী আমরা ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য এ ক্যাম্পেইন শুরু করছি।’
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত জরিপ অনুযায়ী ডিএনসিসির ২৫টি ওয়ার্ড এডিস মশার সূচকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
এই ২৫টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মার্চ থেকে মে পর্যন্ত প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫৩টি অভিযান পরিচালনা করা হবে।
বর্ষা মৌসুম এলেই ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পায়। বাসাবাড়ি, অফিস, কর্মক্ষেত্র, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা এবং বিভিন্ন পরিত্যক্ত পাত্রে জমা পানি এডিস মশার অন্যতম প্রধান উৎপত্তিস্থল। এবার সময়ের আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার এসব উৎপত্তিস্থল ধ্বংসে আগাম অভিযান শুরু করছে ডিএনসিসি।
এমএমএ/একিউএফ