জাকাত কার্যক্রম চালুর উদ্যোগ সরকারের দূরদর্শিতার পরিচয়: মীর হেলাল
আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন/ছবি: সংগৃহীত
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাকাত কার্যক্রম চালুর উদ্যোগ সরকারের দূরদর্শিতার পরিচয় বহন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছেন। শপথ গ্রহণের এক মাস না যেতেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।
শনিবার (১৪ মার্চ) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সম্পদের ওপর নির্ধারিত পরিমাণ যাকাত দেওয়া ইসলামে ফরজ। যারা জাকাত গ্রহণ করেন, এটি তাদের প্রাপ্য অধিকার। জাকাতগ্রহীতারা জাকাতদাতাদের ধর্মীয় দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখেন।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর জোর দিয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সাধারণত এপ্রিল ও মে মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই আগে থেকেই সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এতে রোগীর সংখ্যা কমানো সম্ভব হবে এবং স্বাস্থ্যসেবার ওপর চাপও হ্রাস পাবে।
হাটহাজারী পৌর এলাকায় জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে মানুষের অসচেতনতার কারণেই ড্রেনে মাটি ও গৃহস্থালির বর্জ্য জমে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। তিনি পলিথিনে বর্জ্য ভরে ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য সবাইকে আহ্বান জানান। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে শিগগিরই বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্যসচিব মো. অহিদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ফতেপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এমআরএএইচ/এমএমকে