সংসদে দেখে দেখে পড়া অনুমোদিত না: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী/ছবি: সংগৃহীত
সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড (অনুমোদিত) না বলে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের এমপি অলি উল্লাহকে উদ্দেশ্য করে এ কথা বলেন স্পিকার।
এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দুজন সংসদ সদস্য কাগজ দেখে দেখে পুরো বক্তব্য দেন।
মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, সংসদে দেখে দেখে বলা অ্যালাউড না। আপনি নোট রাখবেন। একবার দেখবেন পরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য দেবেন—এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।’
অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সবার মান্য করা উচিত।
এমওএস/এমএমকে