চট্টগ্রামকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই: মেয়র শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যরা
সব ধর্মের মানুষের জন্য চট্টগ্রামকে একটি নিরাপদ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, চট্টগ্রাম ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এই ঐতিহ্য ধারণ করে নগরটিকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। দায়িত্ব নেওয়ার সময় নাগরিকদের কাছে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নগরী গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (১৬ মার্চ) নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ এবং ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন জানান, তার দায়িত্ব পালনকালে নগরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ যেন নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং বহু ধর্ম ও বহু সংস্কৃতির মানুষের সহাবস্থানের একটি গুরুত্বপূর্ণ শহর। নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নগরী গড়ে তুলতে প্রশাসন ও নাগরিকদের সমন্বয়ে কাজ চলছে।
এসময় ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ বলেন, বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বিভিন্ন বিষয়ে কাজ করছে ভারত। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে দুই দেশই উপকৃত হতে পারে।
সাক্ষাৎকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/ইএ