ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আরেক বাসের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় তিন বাসের সংঘর্ষে বাঁশি মোহন দাশ নামের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া জলুয়ার দিঘিপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, জলুয়ার দিঘিপাড় এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম শহর থেকে ছেড়ে যাওয়া লোহাগাড়ামুখী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ঈগল পরিবহনের আরেকটি বাস এসে মারসা পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি বাসের চালক ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

পরে আহতদের মধ্যে নয়জনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঈগল পরিবহনের যাত্রী বাঁশি মোহন দাশকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামিয়া রওশন নিশ্চিত করেছেন।

নিহত মোহন দাশের পরিবারের লোকজন জানান, মোহন দাশ চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়ার পুটিভিলা এলাকায় এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পর জলুয়ার দিঘী পাড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পটিয়া থানা ও হাইওয়ে পুলিশের দুটি দল যানজট নিয়ন্ত্রণে কাজ করে।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসগুলো জব্দ করা করে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

এমডিআইএইচ/ইএ