ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কর্মীদের বিমানমন্ত্রী

আপনাদের বেতন আসে যাত্রীদের থেকে, তাদের সম্মান করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ৩০ মার্চ ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেছেন, আপনাদের বেতন আসে সাধারণ যাত্রীদের অর্থ থেকে। তাই তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আপনাদের নৈতিক দায়িত্ব।

সোমবার (৩০ মার্চ) কুর্মিটোলার বলাকায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে এসেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

jagonews24

তিনি কর্মীদের পারফরম্যান্স মনিটরিংয়ের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন। পাশাপাশি দ্রুত শূন্যপদ পূরণ এবং বেতন-ভাতা সন্তোষজনক পর্যায়ে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও গণতান্ত্রিক। তাই আমরা বিমানকে একটি অনুসরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

jagonews24

সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দ্রুত নতুন উড়োজাহাজ সংযোজন, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য হুইলচেয়ারের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটের সংযোগ জোরদার করা।

সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিদর্শন করেন এবং সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার মান যাচাই করেন।

টিটি/বিএ