চট্টগ্রামে চোলাই মদের কারখানায় অভিযান, গ্রেফতার ৬
চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ব্যক্তিরা/ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরা এলাকায় একটি বাসায় গড়ে তোলা চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা-পুলিশের একটি দল ইস্পাহানী কেজি স্কুলসংলগ্ন একটি ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)। তারা সবাই পার্বত্য এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে সেখান থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১ হাজার লিটার গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিরা পার্বত্য জেলা থেকে উপকরণ এনে ভাড়া বাসায় চোলাই মদ উৎপাদন করতেন এবং তা নগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন।
এ ঘটনায় চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমআরএএইচ/এমএমকে