ইউএই প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ, সংহতির বার্তা
সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা হুমায়ুন কবিরের সাক্ষাৎ, ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতিতে দেশটির প্রতি সংহতির বার্তাও দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার (১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে পাঠানো প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগতপত্র হস্তান্তর করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি ব্যক্ত করেন।
তিনি সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক হামলা, প্রাণহানি, আহতের ঘটনা এবং সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
একই সঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাত সরকারের গৃহীত পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়া, প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা হুমায়ুন কবির, ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
বৈঠককালে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় দেশটিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তাদের সরকার দেশে অবস্থানরত সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এ সময় তিনি যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের প্রশংসা করেন এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির বর্তমানে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করছেন। এ সফরের লক্ষ্য সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃত্বের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া এবং এ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও সুদৃঢ় করা।
জেপিআই/এমএমএআর