ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০২ এপ্রিল ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন ষ্টেশনের রেকর্ড অনুযায়ী রাজশাহী, খুলনা বিভাগ ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, নীলফামারি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ বিকেল ৩টায় রেকর্ডকৃত তথ্য অনুযায়ী যশোরে ৩৮ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৩৮ দশমকি ৫ ও মোংলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা সাধারণত ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জাগো নিউজকে বলেন, এটা বিকেল ৩টার খসড়া তথ্য। তাপমাত্রা আরও বাড়তে পারে। আবার ৬টায় তাপমাত্রা মাপা হবে।

এদিকে, চলতি এপ্রিল মাসে দেশে ২-৪ টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া, বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা/মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরএএস/এএমএ