ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ইরান যুদ্ধ: বাহরাইনে নিহত প্রবাসী তারেক মহসিনের দাফন সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম নগরের হালিশহরে প্রবাসী বাংলাদেশি এস এম তারেক মহসিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হালিশহরের নয়াবাজার এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় একটি মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

দীর্ঘ এক মাসের অপেক্ষা ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে শুক্রবার মরদেহ দেশে পৌঁছায়। শনিবার সকালে মরদেহ চট্টগ্রামে নেওয়া হয়।

গত ২ মার্চ বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাথায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন তারেক মহসিন। ওই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হন।

নিহত তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা সাইদুল হকের ছেলে। নদীভাঙনে পৈতৃক ভিটা হারিয়ে পরিবারসহ দীর্ঘদিন ধরে হালিশহরের বৌবাজার এলাকায় বসবাস করছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

তার পরিবারে স্ত্রী ও এক কন্যা রয়েছে। মেয়ে বর্তমানে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানাজায় স্থানীয় সংসদ সদস্য সাইদ আল নোমানসহ রাজনৈতিক নেতা ও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজার আগে সংসদ সদস্য বলেন, তারেকের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বাহরাইন সীমান্তে প্রতিরোধ করা হলে এর খণ্ডিত অংশ গিয়ে পড়ে তারেকের ওপর। এতে তার মৃত্যু হয়। এক মাস পর নিজ দেশে চিরনিদ্রায় শায়িত হলেন এই প্রবাসী।

এমআরএএইচ/এসএনআর