আদালতে যাওয়ার পথে যুবদল কর্মীর ওপর হামলা, কুপিয়ে কবজি বিচ্ছিন্ন
চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা/ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে এক যুবদল কর্মীর ওপর হামলা ও কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর জেরে পাল্টা হামলায় আরও একজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বসতবাড়ি।
সোমবার (৬ এপ্রিল) কোতোয়ালির বলুয়ার দিঘীরপাড় ও বাকলিয়ার বউ বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
কবজি বিচ্ছিন্ন মিনহাজ (৩০) নগরের মাস্টারপুল এলাকার বাসিন্দা এবং স্থানীয় জাকির গ্রুপের অনুসারী। অপর আহত আরমান ওরফে এঞ্জেল বউ বাজারের বাসিন্দা ও সবুজ গ্রুপের সদস্য।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে বলুয়ার দিঘীরপাড়ে মিনহাজের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার একটি কবজি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় মিনহাজকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনার জেরে দুপুর দেড়টার দিকে মিনহাজের অনুসারীরা দক্ষিণ বাকলিয়ার বউ বাজারে আরমানের ওপর হামলা করেন। এসময় তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। তবে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে রক্ষা পান।
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বলুয়ার দিঘীরপাড়ে মাস্টারপুল সড়কে রক্ত পড়ে আছে। এছাড়া, বউ বাজারে কয়েকটি বাড়ির গেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল কোতোয়ালি ও বাকলিয়া থানার আওতায় হওয়ায় উভয় থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জাগো নিউজকে জানান, কবজি বিচ্ছিন্ন যুবদল কর্মীর বোন মামলা করতে যাচ্ছেন। পুলিশ অপরাধীদের ধরার জন্য মাঠে আছে।
এর আগে ৫ এপ্রিল বাকলিয়ার মিয়া খান নগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হন।
এমআরএএইচ/একিউএফ