ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঝড়-বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটিতে হাত, প্রাণ গেলো শ্রমিকের

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪০ এএম, ০৮ এপ্রিল ২০২৬

রাজধানীর কদমতলী থানার জুরাইন বাগিচা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হৃদয় হোসেন জমাদ্দার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মো. আজগর আলী বলেন, রাতে ঝড়-বৃষ্টি হওয়ার সময় হৃদয় বাগিচা জুরাইনের এক নম্বর গেট দিয়ে যাওয়ার সময় রাস্তায় লোহার একটি বিদ্যুতের খুঁটিতে স্পর্শ করলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত হৃদয়ের বাড়ি চাঁদপুর জেলার ফাইনচর থানার উত্তর চরভাঙা গ্রামে। তিনি আমান উল্লাহ জমাদ্দারের ছেলে। বর্তমানে জুরাইনের এক নম্বর গেট বাগিচা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম