২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদ অধিবেশন
হামের বিস্তার রোধে ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের টিকার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। এরই মধ্যে দুই কোটি ১৯ লাখ ডোজ টিকা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের (গ্যাভি) কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, বিগত সরকারগুলোর ব্যর্থতায় দেশে হামের প্রকোপ বেড়েছে। টিকা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা না হওয়া এবং যথাযথ গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। তবে বর্তমান সরকার হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমওএস/এমএএইচ/