‘শুভ বার্তা পাবেন’, শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে পার্বত্য মন্ত্রী
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীতে ‘শুভ বার্তা’ দেওয়ার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব (বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান, চাংক্রান) উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শান্তি চুক্তির অনেক বিষয় এখনো বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন—জানতে চাইলে মন্ত্রী বলেন, শান্তি চুক্তি আলোচনার বিষয়। আমরা সবে ক্ষমতায় আসছি, আপনারা দেখতে পাবেন। আমি মনে করি অবশ্যই আপনারা ভালো উত্তর পাবেন, একটু ধৈর্য ধরুন, সবে তো এক-দেড় মাস হলো। আর আপনারা শুভ বার্তা পাবেন, আমি এটুকু বলতে পারি।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মূল লক্ষ্য ছিল দীর্ঘ দুই দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা।
পার্বত্য এলাকায় প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এগুলো নিয়ন্ত্রণে সরকারের কী ধরনের ভূমিকা থাকবে—জানতে চাইলে দীপেন দেওয়ান বলেন, এটা আমার মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার বিষয় না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারি।
এসময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএমএম/এমকেআর