ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হাতে লিখে আবেদনের দিন শেষ, অনলাইনে জিডি করার পদ্ধতি জেনে নিন

মনিরুজ্জামান উজ্জ্বল | প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

রাজধানীর আজিমপুরের বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব রাশেদ চৌধুরী, একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। কাজের প্রয়োজনে সপ্তাহে কয়েকদিন মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। সম্প্রতি নিউমার্কেট থানা এলাকায় তার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন হারিয়ে যায়।

প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি সাদা কাগজে হাতে লিখে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানায় গেলে জানতে পারেন—হাতে লেখা আবেদনের দিন শেষ। এখন রাজধানীসহ সারাদেশে শতভাগ জিডি হচ্ছে অনলাইনে। এ তথ্য তার কাছে নতুন হলেও আধুনিক এই ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি। তাৎক্ষণিকভাবে জিডি করতে না পারলেও থানার ডিউটি কর্মকর্তার কাছ থেকে অনলাইনে জিডি করার পদ্ধতি জেনে নেন।

রাশেদ চৌধুরীর ভাষায়, ‘সরকারিভাবে এ বিষয়ে প্রচার খুবই কম। আমি নিয়মিত খবর রাখি, তবুও বিষয়টি জানা ছিল না। আরও বেশি প্রচার দরকার।’

অনলাইনে জিডি:ডিজিটাল সেবায় নতুন বাস্তবতা
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর পরীক্ষামূলকভাবে অনলাইন জিডি চালু হলেও বর্তমানে তা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে দেশের যে কোনো স্থান থেকে, যে কোনো সময় জিডি করা সম্ভব হচ্ছে।

নিউমার্কেট থানার সাব ইন্সপেক্টর নাজমুল হোসেন জানান, তথ্য সঠিক থাকলে অনলাইনে আবেদন করলেই জিডি গ্রহণ করা হচ্ছে। এতে থানায় সরাসরি উপস্থিতির প্রয়োজন অনেকটাই কমে গেছে।

বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি সেবা নয়—বরং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরের একটি বড় পদক্ষেপ।

বদলে গেছে জিডি করার চিত্র
একসময় থানায় গিয়ে লাইনে দাঁড়িয়ে হাতে লেখা আবেদন জমা দিয়ে জিডি করতে হতো। এতে সময় নষ্ট, ভোগান্তি এবং অনেক ক্ষেত্রে দালালচক্রের দৌরাত্ম্য ছিল।

jagonews24

বর্তমানে অনলাইন পদ্ধতি চালুর ফলে ঘরে বসেই জিডি করা যাচ্ছে, সময় ও খরচ কমছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ছে, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ সহজ হচ্ছে। ফলে নাগরিক সেবার একটি গুরুত্বপূর্ণ খাত এখন প্রযুক্তিনির্ভর ও গতিশীল হয়ে উঠছে।

কীভাবে করবেন অনলাইন জিডি
অনলাইনে জিডি করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়

১. নিবন্ধন (রেজিস্ট্রেশন):
পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

২. লগইন: ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

৩. তথ্য প্রদান: হারানো বা ঘটনার বিস্তারিত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৪. আবেদন সম্পন্ন: সব তথ্য যাচাই করে সাবমিট করলে জিডি সম্পন্ন হয় এবং একটি ডিজিটাল কপি পাওয়া যায়।

জিডি করার সময় যা খেয়াল রাখবেন
সঠিক তথ্য দিন: হারানো জিনিসের বিস্তারিত বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সহায়ক নথি: প্রয়োজনে প্রাসঙ্গিক ডকুমেন্ট সংযুক্ত করতে হতে পারে।

সক্রিয় মোবাইল নম্বর: যোগাযোগের জন্য কার্যকর নম্বর ব্যবহার করতে হবে।

গাড়ি বা মোটরসাইকেলের ট্যাক্স টোকেন হারিয়ে গেলে যা করণীয়
গাড়ি বা মোটরসাইকেলের ট্যাক্স টোকেন হারিয়ে গেলে জিডির পাশাপাশি আরও কিছু আইনি ধাপ অনুসরণ করতে হয়, সেগুলো হলো:-

১. অনলাইনে জিডি সম্পন্ন করা।
২. ট্রাফিক পুলিশের ছাড়পত্র সংগ্রহ। জিডির ভিত্তিতে ট্রাফিক বিভাগ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে।
৩. বিআরটিএতে আবেদন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে নির্ধারিত ফি জমা দিয়ে জিডির কপি ও ট্রাফিক ছাড়পত্রসহ আবেদন করলে ডুপ্লিকেট ট্যাক্স টোকেন পাওয়া যায়।

চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে
যদিও অনলাইন জিডি ব্যবস্থা সময়োপযোগী ও কার্যকর তবুও কিছু সীমাবদ্ধতা রয়েছে। অনেক নাগরিক এখনো এ বিষয়ে অবগত নন। গ্রামাঞ্চলে ইন্টারনেট সুবিধা সীমিত। ডিজিটাল সাক্ষরতার অভাব রয়েছে। পর্যাপ্ত প্রচার-প্রচারণা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হলে এ সেবার সুফল আরও বিস্তৃত হবে।

এমইউ/এমআইএইচএস