ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তথ্যমন্ত্রী

উৎসবের আমেজ প্রমাণ করে দেশে এখন মুক্ত পরিস্থিতি বিরাজমান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপিত হওয়াকে দেশে গণতন্ত্র চর্চার এক প্রকৃত পরিবেশের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, সারাদেশের উৎসবের আমেজ প্রমাণ করে দেশে এখন একটি মুক্ত ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান। আমরা এই নতুন সংস্কৃতি ও পরিবেশকে দেশের সমৃদ্ধির জন্য অব্যাহত রাখতে চাই।

মঙ্গলবার (১৪ এপ্রিল ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আয়োজিত পহেলা বৈশাখ ও নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দর‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসক কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কৃষি এবং কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষি এবং কৃষককে দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

সাংবাদিক সমাজ ও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত এই নতুন সরকার নতুন উদ্দীপনায় দেশ গড়ার কাজ শুরু করেছে। মোগল সম্রাটরা কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সমন্বয় করে যেভাবে বাংলা সনের প্রবর্তন করেছিলেন, সেই ঐতিহ্যকে ধারণ করে সরকার এবছর পহেলা বৈশাখকে ‘কৃষক কার্ড’ বণ্টনের শুভ উদ্বোধনের দিন হিসেবে বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আজ টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করেছেন। পঙ্গু অর্থনীতিকে পুনর্গঠন করে নিজ পায়ে দাঁড় করানোই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই আমাদের স্লোগান- ‘সবার আগে বাংলাদেশ’।’

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান।

এমএএস/ইএ