ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নূর হোসেনকে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন : আইজিপি

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৪ মার্চ ২০১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ভারতে আটক সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফেরত আনার ব্যাপারে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এ মামলার অভিযোগপত্র দাখিলে নূর হোসেনকে আনা অথবা না আনা, কোনো বাধা নয়। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে নবনির্মিত ছয় তলা পুলিশ ব্যারাক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন।

শহীদুল হক আরও বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। মামলার অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে যদি সাক্ষ্য-প্রমাণ সঠিক থাকে তবে আসামির পলাতক অবস্থায়ও অভিযোগপত্র দেওয়া যায়।

আইজিপি বলেন, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে  এনে আস্থার জায়গা সৃষ্টি করতে হবে। সব ঘটনায়ই যদি মামলা মোকদ্দমা হয়, তাহলে দেখবেন বাদী-বিবাদী উভয়েই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য ছোট-খাটো বিষয়গুলো কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেন তিনি ।

ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সেলিম ওসমান, শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, গাজী গোলাম দস্তগীর, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, এফবিসিসিআইর পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি কুতুব উদ্দিন আকসির, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

এএইচ/পিআর