ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আয়ের পথ সুগম হলে মানবপাচার রোধ সম্ভব

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৫ জুন ২০১৫

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ অর্থনৈতিক ভাবে আরো সমৃদ্ধ হবে। তাই দেশের শিক্ষিত বেকার যুবকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।

তিনি বলেন, যারা সাগর পথে অবৈধভাবে বিদেশ যাবার চেষ্টা করছে তারা সকলেই নিরক্ষর। বর্তমানে দেশে কর্মশক্তির বিপরীতে কর্মসংস্থান অপ্রতুল। তাই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আয়ের পথ সুগম করতে পারলে মানবপাচার রোধ করা সম্ভব।

সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক আয়োজিত `অবৈধ পথে মানবপাচার রোধে যুব ও যুব মহিলাদের সচেতনতা সৃষ্টি` বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মানবপাচার একটি দুর্ভাগ্যজনক বিষয়। এর ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তাই দেশমাতৃকার টানে মানব পাচারকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে যুব সমাজ ভুমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আব্দুর রহমান বদি, সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, যুব অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিম প্রমুখ।

সাইদ আলমগীর/এআরএ/আরআই